ঢাকা মেট্রো প্রতিবেদক : রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করার জন্য বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি গণমাধ্যমকে জানান, ফরেনসিক বিশেষজ্ঞ দলটি আগামী ৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এই পরিচয় শনাক্তের প্রক্রিয়া পরিচালিত হবে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে।
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া চলবে। পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তিনি আশা প্রকাশ করেন, অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে এবং শনাক্ত নিশ্চিত হলে তাঁদের নাম শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
উপদেষ্টা এ সময় গণকবরে শায়িত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।