অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে দেশজুড়ে এ পর্যন্ত অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে বলে মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানিয়েছে ফক্স নিউজ। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা বা হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

বর্তমানে তেহরান ছাড়াও ইসফাহান, কোম ও বন্দর আব্বাসের মতো বড় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ট্রাম্পের এই হুমকির বিপরীতে তেহরানও তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ভূখণ্ডে যেকোনো আঘাতকে ‘রেড লাইন’ হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এদিকে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে জার্মানি।