ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ১৫ লাখের বেশি প্রবাসী এই প্রথম ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের বার্তায় জানানো হয়েছে, ভোটাররা নিজ আসনের প্রতীক দেখে ভোট দেওয়ার পর ব্যালট সম্বলিত হলুদ খামটি আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠাতে হবে। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা ও কারাবন্দিরাও এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। ইসির আইটি প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, অ্যাপে ফেশিয়াল ভেরিফিকেশন ও কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থা থাকায় ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত থাকবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে কমিশন।