সারাদেশ

বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভেকু-বার্জ নিলাম নিয়ে হাইকোর্টের রুল

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল ব্যুরো
বরিশালের বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা এবং একটি ভেকু জব্দ করে পল্টন সহ নিলামে বিক্রির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই আদেশের আইনগত ভিত্তি জানতে চাওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২০ আগস্ট এ আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, রিট পিটিশন নম্বর ১১১৮৯/২০২৬-এর আবেদনকারী পটুয়াখালীর চরপাড়া গ্রামের মো. হানিফ হাওলাদার। রিটে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমিনুল ইসলাম ওরফে সাগর ফকির এবং মো. আনিসুর রহমানকে বিবাদী করা হয়েছে। রিটে বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ২৪ জুলাই মিসকেস নম্বর ০৪৪৭২.০১.১০০০০০১৮৫১৭.০০৪১.২৬-এ দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করা হয়।
আদালতের নথিতে বলা হয়েছে, ওই আদেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় প্রো-ফরমা বিবাদী মো. আনিসুর রহমানকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী জব্দ তালিকায় থাকা একটি এক্সকাভেটর (ভেকু) ও একটি পল্টন জব্দ করে এবং তা স্পট নিলামে বিক্রির আদেশ দেওয়া হয়।
রিটকারী হানিফ হাওলাদারের দাবি, তিনি ভেকুটির মালিক এবং ভেকু ও বার্জ নিয়ে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের আদেশে আইনগত অসঙ্গতি রয়েছে। তার অভিযোগ, ঘটনাস্থলে ভেকু ব্যবহারের প্রমাণ ছাড়াই তাকে দায়ী করে জরিমানা ও সম্পদ নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে মো. আনিচুর রহমান দাবি করেন, তিনি ঘটনাস্থলে লোকজনের উপস্থিতি দেখে সেখানে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ভেকুটি বার্জের ওপর রাখা ছিল এবং সেটি দিয়ে কোনো কাজ করা হয়নি।
আনিচুর রহমানের অভিযোগ, তাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রথমে এক লাখ টাকা জরিমানার কথা বলা হয়। পরে জরিমানার পরিমাণ কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়। তার দাবি, এর পরপরই প্রায় দেড় কোটি টাকা মূল্যের পল্টন এবং ৪০ লাখ টাকার বেশি মূল্যের ভেকু মাত্র ১৫ লাখ টাকা মূল্যে নিলামে তোলা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাগর ফকির ২০ লাখ টাকা দিয়ে পল্টন ও ভেকু নিলামে কিনেছেন বলেও তিনি দাবি করেন।
স্থানীয় ব্যবসায়ী মো: জগলুল মৃধা বলেন, আমার বালুর জাহাজ খালি করার জন্য পল্টনে বহণ করে এই ভেকুটি নিয়ে আসে। ভেকুটি খালের পারেই নোঙ্গর করে রাখা ছিলো। কোন বালু বা মাটি কাটেনি। শুধু শুধু ভ্রামমাণ আদালত এসে জরিমানাসহ পল্টন ও ভেকুটি নিলামে ডাকেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন, ২৪ জুলাইয়ের ওই আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে নিলামে বিক্রির বিষয়ে দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য ফেরতযোগ্য করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীকে তিন কার্যদিবসের মধ্যে রেজিস্টার্ড ডাকসহ প্রচলিত প্রক্রিয়ায় বিবাদীদের নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়জেদুর রহমান বলেন, ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকোর্টে দায়ের করা রিটের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।
এদিকে রিটকারী মো. হানিফ হাওলাদার বলেন, ‘ভেকুর প্রকৃত নাম (৩২০ ডিএল) ও এমভি বার্জ ইনসাফ (রেজি নং এম ১৪১২৩) এবং দৈঘ্য প্রস্থ্য, পল্টনে থাকা মালামালের সূচিপত্র উল্লেখ না করেই নোঙ্গর করা অবস্থায় ভেকুর মালিক সন্দেহ করে মো. আনিচুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোন যাচাই-বাছাই ছাড়াই ৪০ লাখ টাকার ভেকু মাত্র ১০ লাখ টাকা এবং দেড় কোটি টাকার পল্টনটি নাম মাত্র ৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গীয় উপস্থিত সাগর ফকির সবোচ্চ দরদাতা হিসেবে মাত্র ২০ লাখ টাকায় ভেকু ও পল্টনটি কিনে নেয়। আমরা বিষয়টি স্থানীয় উর্ধতন কর্মকর্তাদের জানালেও কোন প্রতিকার পাইনি। ফলে উপজেলা নির্বাহী অফিসারের আদেশের বৈধতার বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছি।’

Related News

‎খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ‎

খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং সাত লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সাংবাদিক আমির খসরু আর নেই

বের সদস্য ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই।

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

মৌলভীবাজারে স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে বাতিল ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। প্রতিবাদে ঢাকার রাজপথ অবরোধ প্রসেস পরীক্ষার্থীদের।

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

Search