একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হলো সহিংসতামুক্ত পরিবেশ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত সময়োপযোগী এবং প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য এক স্পষ্ট বার্তা। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার নির্বাচনও সম্পূর্ণরূপে সহিংসতামুক্ত করা সম্ভব।
জাতীয় নির্বাচনের ইতিবাচক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায় পর্যন্ত সেই শান্তির ধারা বজায় রাখার যে তাগিদ নির্বাচন কমিশন দিয়েছে, তা নাগরিক সমাজ ও সাধারণ ভোটারদের মনে প্রত্যাশার সঞ্চার করেছে।
স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ের ক্ষমতার লড়াই ও ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকার কারণে সচরাচর সহিংসতার প্রবণতা বৃদ্ধি পায়। তাই এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেবল আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও প্রার্থী বাছাইয়ের সচেতনতা নিশ্চিত করা জরুরি।
স্থানীয় নির্বাচনে ক্ষমতা প্রদর্শনের সুযোগ বেশি থাকায় অনেক সময় মনোনয়ন বা প্রভাব বিস্তার কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয়। নির্বাচন কমিশন কর্তৃক স্পষ্ট করা হয়েছে যে, কেবল মনোনয়ন প্রাপ্তিই বিজয়ের নিশ্চয়তা দেয় না; জয় নির্ধারিত হবে জনগণের অবাধ ও প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে।
রাজনৈতিক দলগুলোকে তাদের স্থানীয় নেতাকর্মীদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং কোনো ধরনের সহিংস আচরণ বা আচরণবিধি লঙ্ঘনে শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে। অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি স্তরে কমিশনের সতর্ক উপস্থিতি থাকতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক জনপ্রতিনিধি নির্বাচনের একমাত্র মাধ্যম হলো কারচুপি ও ভয়ভীতিহীন একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা।
স্থানীয় সরকার হলো সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর প্রাথমিক ভিত্তি। তাই এই নির্বাচনকে প্রভাবমুক্ত, সহিংসতামুক্ত ও গ্রহণযোগ্য করা জাতীয় স্বার্থেই অত্যন্ত প্রয়োজনীয়। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, প্রকারীদের দায়িত্বশীলতা এবং নির্বাচন কমিশনের দৃশ্যমান নিরপেক্ষতাই পারে একটি স্থিতিশীল ও সুসংহত স্থানীয় শাসনব্যবস্থা উপহার দিতে।
লেখক: রোটারিয়ান এম. নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।