নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ৩ শিক্ষক আটক
নড়াইলে শিক্ষকের মারধরে মাদ্রাসাছাত্র সৈয়দ সুলায়মান ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
বগুড়া: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট থেকে দেশের ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নতুন এই সেবা চালুর পর থেকেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বগুড়ায় চলাচলকারী নারী যাত্রীরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
বিআরটিসি বগুড়া ডিপো সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর থেকেই বগুড়া শহরের সাতমাথা থেকে শেরপুর রুটে দিনে একবার এবং মোকামতলা রুটে নিয়মিত দুইবার নারী যাত্রীদের নিয়ে বাস চলাচল করছে।
বগুড়া-শেরপুর রুট: প্রতিদিন সকাল ৭টায় বগুড়ার সাতমাথা থেকে বাস যাত্রী নিয়ে শেরপুরের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল ৪টায় পুনরায় বগুড়া শহরে ফিরে আসে। ২৭ কিলোমিটার দূরত্বের এই রুটে জনপ্রতি বাসভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০ টাকা।
সাতমাথা থেকে মোকামতলার উদ্দেশে আরেকটি বাস ছাড়ে। বাসটি সকাল ৮টা ২০ মিনিটে মোকামতলা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়। এরপর দুপুর ১২টায় আবারও সাতমাথা থেকে মোকামতলার উদ্দেশে ছেড়ে বিকেল ৪টায় বগুড়া শহরে ফিরে আসে। ২৬ কিলোমিটার দূরত্বের এই রুটে বাসভাড়া মাত্র ২০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) মোকামতলা রুটের মহিলা বাসের বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে তাঁদের সন্তোষজনক অভিজ্ঞতার কথা জানা যায়।
বেসরকারি সংস্থা টিএমএসএসের চাকরিজীবী সুমাইয়া আক্তার বলেন, ‘এই প্রথম মহিলা বাস সার্ভিসে উঠলাম। খুব ভালো লাগছে, এখানে কোনো ঝামেলা নেই।’
শিক্ষিকা মুক্তা আক্তার বলেন, ‘সাধারণ বাসে পুরুষ যাত্রীদের সঙ্গে চলাচল করতে অনেক সময় বিব্রত বোধ হতে হয়। মহিলা বাসে উঠে বেশ স্বস্তি পাচ্ছি।’
মাদ্রাসাছাত্রী সাউদা ও গৃহিণী খায়রুন নাহার জানান, সিএনজিতে বাড়তি ভাড়া ও নানা ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়ে নারীরা এখন অনেক সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারছেন।
অন্যদিকে, সম্পূর্ণ নারী পরিচালিত এই বাস পরিষেবার অংশ হতে পেরে গর্বিত সংশ্লিষ্ট কর্মীরাও। মহিলা বাসের চালক খোদেজাতুন কোবরা জানান, ড্রাইভিংয়ের প্রতি ভালোলাগা থেকেই তিনি প্রশিক্ষণ নিয়ে এই সার্ভিসের চালক হয়েছেন এবং নারীদের সেবা দিতে পেরে তিনি আনন্দিত। এছাড়া বাসের সুপারভাইজার ঈশিতা আক্তারও নারী যাত্রীদের কাছ থেকে দারুণ সহযোগিতা পাওয়ার কথা জানান।
বিআরটিসির ম্যানেজার সাফিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তিনটি জেলায় এই মহিলা বাস সার্ভিস চালু করা হলেও সাধারণ মানুষের ইতিবাচক সাড়ার প্রেক্ষিতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।