বিশ্ব

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

আন্তর্জাতিক: ভারতের রাজধানী দিল্লিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় চোংথাম বিক্রম সিং (৫৪) নামে এক মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক নিহত হয়েছেন।

রোববার গভীর রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকারি এলাকায় নিজের ভাড়া বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। একই ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিক্রম সিং মণিপুরের পরিচিত গিটারিস্ট এবং পশ্চিমা সংগীতচর্চার অন্যতম অগ্রদূত ছিলেন। প্রায় ১৭ বছর ধরে পরিবার নিয়ে দিল্লিতে বসবাস করছিলেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংগীত শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়লা ফেলতে বাসার নিচে নামেন বিক্রম সিং। এ সময় পাশের দুটি ধাবার ৮ থেকে ৯ জন কর্মচারী উচ্চ শব্দে চিৎকার ও হৈচৈ করছিলেন।

বিক্রম তাঁদের এমন আচরণ করতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা বিক্রমকে ধাওয়া করেন। আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে নিজের বাসার দিকে চলে যান।

তবে হামলাকারীরা ভবনের করিডোর পর্যন্ত গিয়ে তাঁকে ঘিরে ধরে লাথি, ঘুষি ও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সেখানে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।

পরে পরিবারের সদস্যরা বিক্রমকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন ধাবার কর্মচারী এবং একজন পিৎজা বিক্রয়কেন্দ্রের কর্মী রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলায় প্রত্যেকের ভূমিকা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংগীতশিল্পী বিক্রম সিংকে হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় কিলোকারি এলাকায় মোমবাতি মিছিল করেছেন উত্তর-পূর্ব ভারতের শতাধিক মানুষ। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার নিন্দা জানিয়েছেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্রম সিংয়ের মৃত্যু দিল্লিতে উত্তর-পূর্ব ভারতের মানুষের নিরাপত্তা ও তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Related News

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

ভারতে পরোক্ষ ধূমপানে তিন দশকে মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ

নতুন গবেষণা অনুযায়ী, ভারতে পরোক্ষ ধূমপানজনিত রোগে ২০২৩ সালে ৩ লাখ ২৫ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

মমতার প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন

পশ্চিমবঙ্গ বিধানসভার শূন্য হওয়া নন্দীগ্রাম ও রেজিনগর আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রেজিনগর থেকে মমতার লড়ার গুঞ্জন নিয়ে বিশেষ প্রতিবেদন।

পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের বন্দিদশা ও ক্ষমতার মারপ্যাঁচ

পাকিস্তানের রাজনীতিতে জুলফিকার আলী ভুট্টোর পরিণতি এবং বর্তমানের ইমরান খানের কারাবাসের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। সামরিক আমলাতন্ত্র ও ভূরাজনীতির মারপ্যাঁচ নিয়ে বিশেষ প্রতিবেদন।

Search