ঢাকা: তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন শফিকুর রহমান। এ সময় তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এর আয়োজন করছে। আয়োজকদের ওয়েবসাইটে সম্মেলনের তারিখ ৯ ও ১০ অক্টোবর এবং ভেন্যু ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় উল্লেখ করা হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়া, ‘বাংলাদেশ ২.০’, শাসন ও জননীতি, মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং তুরস্ক-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে যাবেন শফিকুর রহমান। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।