খুলনা: খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। বোর্ডের পরামর্শ অনুযায়ী খান সাইফুলের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর একাধিক হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।