আন্তর্জাতিক: অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবারসহ সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর করেছে দেশটির সরকার। এখন থেকে দক্ষ কর্মীরা তাদের কাজের ভিসার (ওয়ার্ক ভিসা) আনুষ্ঠানিক প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার আবেদন বা প্রক্রিয়া শুরু করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) প্রভাবশালী সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর এক প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই যুগোপযোগী ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী
দক্ষ বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে আসার সুযোগ পাবেন।
কর্মীর নিজের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই পরিবারের সদস্যদের জন্য এন্ট্রি ভিসা বা প্রবেশ ভিসা প্রদান করা যেতে পারে।
এর ফলে পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য কর্মীর ওয়ার্ক ভিসা সম্পূর্ণ বা চূড়ান্ত হওয়ার দীর্ঘ সময় পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না।
অবশ্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, এই বিশেষ সুবিধা পেতে হলে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সমস্ত শর্ত ও নিয়মাবলি সঠিকভাবে পূরণ করতে হবে। পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সৌদি সরকারের এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো—দেশটিতে বসবাসরত প্রবাসী দক্ষ পেশাজীবীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং সামগ্রিক ভিসা প্রক্রিয়া আরও গতিশীল ও সহজ করা। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের উচ্চ দক্ষতাসম্পন্ন মেধাবী পেশাজীবীরা সৌদি আরবে কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।