শরীয়তপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শরীয়তপুর জেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাগর লিখেছেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল—আলহামদুলিল্লাহ।’
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বহিষ্কারাদেশে সাগরের বিরুদ্ধে একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই সাগরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসায় এবং দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের মূল্যায়নের পর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছেও পাঠানো হয়েছে।
সাগরের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযোগটি সামনে এসেছে, সেটি নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে ওসিকে উদ্দেশ করে ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে’—এমন কথা বলার অভিযোগ উঠেছে সাগরের বিরুদ্ধে।
এ ছাড়া নড়িয়ার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে সাগরের কথা-কাটাকাটি ও হাতাহাতির অভিযোগও উঠেছে। এ ঘটনায় অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগসহ বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে নড়িয়া থানায় অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সাগর বলেন, তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগগুলোর যথাযথ ব্যাখ্যা দিতে পারলে বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে বলে তিনি আশাবাদী।
অভিযোগগুলোর বিষয়ে মতিউর রহমান সাগরের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।