আন্তর্জাতিক: ইয়েমেনের তাইেজ প্রদেশে সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। একই সঙ্গে বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও দাবি করেছে তারা।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে তাইেজের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়।
পৃথক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশ ও সামরিক শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।
সারির ভাষ্য অনুযায়ী, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং একটি অস্ত্রের গুদামে আগুন ধরে যায় বলে দাবি করেন তিনি।
এ ছাড়া বাব এল-মানদেবের দক্ষিণাঞ্চল, আল-সাকিয়া ও রাস আল-আরায় অবস্থানরত সৌদি-সমর্থিত বাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান হুথি মুখপাত্র। এসব হামলায় বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
তাইেজে ড্রোন ভূপাতিত এবং সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়ে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি আরব বা সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এসব দাবির বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে হুথি বাহিনী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত চলছে। বাব এল-মানদেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় অঞ্চলটির সামরিক উত্তেজনা আন্তর্জাতিক নৌবাণিজ্য ও নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।