মাহমুদউল্লাহর ৭৩-ও বাঁচাতে পারল না বাংলাদেশকে, অস্ট্রেলিয়ার কাছে হার
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৬-এ অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫ বলে ৭৩ রানের ইনিংসও দলকে জয় এনে দিতে পারেনি।
ক্রীড়া: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সামনে এবার আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব হয়েছে। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের সাবেক জাতীয় দলের ফুটবলার ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন ভেগা। ৫৫ বছর বয়সী ভেগাই প্রথম ব্যক্তি, যিনি প্রকাশ্যে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন।
আগামী ১৮ মার্চ ২০২৭ মরক্কোর রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেসে সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা ঘোষণার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নিতে হলে ভেগাকে অন্তত পাঁচটি ফিফা সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনসহ নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
প্রার্থিতা ঘোষণার সঙ্গে প্রকাশ করা ১১ পৃষ্ঠার নথিতে ফিফায় ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন ভেগা। তাঁর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বিশ্ব ফুটবল পরিবারের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা, স্থায়ী সংস্কার বাস্তবায়ন, ফিফাকে আধুনিক করা এবং সংস্থাটির স্থিতিশীলতা, বিশ্বাসযোগ্যতা ও আস্থা পুনরুদ্ধার করা।
ভেগার ভাষ্য, ফুটবল কোনো প্রেসিডেন্ট, কনফেডারেশন বা প্রশাসকের ব্যক্তিগত সম্পদ নয়; এটি খেলোয়াড়, কোচ, রেফারি, সমর্থক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন ও পুরো ফুটবল সম্প্রদায়ের খেলা।
ফিফার বর্তমান নেতৃত্বের সমালোচনা করে তিনি দুর্বল প্রশাসনের কারণে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও ফুটবল বিশ্বের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন। তাঁর মতে, ফুটবল প্রশাসনের ক্ষমতার লড়াইয়ের নেতিবাচক প্রভাব খেলোয়াড়, কোচ, রেফারি ও সমর্থকদের ওপর পড়া উচিত নয়।
২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে ইনফান্তিনো সংস্থাটির নেতৃত্বে রয়েছেন। ২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন। আগামী বছরও তিনি পুনর্নির্বাচনে লড়বেন বলে আগেই জানিয়েছেন।
তবে সম্প্রতি ফিফার বাণিজ্যিক অধিকারকে নতুন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো ও তাঁর নেতৃত্ব সমালোচনার মুখে পড়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যেও তাঁর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ্যে এসেছে এবং একজন বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে রামন ভেগার প্রার্থিতা ঘোষণায় আগামী নির্বাচনে প্রথম প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী পেলেন ইনফান্তিনো। তবে ভেগা শেষ পর্যন্ত ব্যালটে থাকতে পারবেন কি না, তা নির্ভর করবে প্রয়োজনীয় ফেডারেশনগুলোর সমর্থন ও ফিফার নির্ধারিত যোগ্যতা যাচাইয়ের ওপর।
ফিফা সভাপতির পদে ভেগার প্রার্থী হওয়ার আগ্রহ এবারই প্রথম নয়। ২০১৫ সালে সেপ ব্লাটারের পদত্যাগের পরও তিনি প্রার্থী হওয়ার কথা বিবেচনা করেছিলেন। ২০১৯ সালে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়ার ঘোষণা দিলেও প্রয়োজনীয় পাঁচটি সদস্য ফেডারেশনের সমর্থন না পাওয়ায় ব্যালটে জায়গা করে নিতে পারেননি।
সুইজারল্যান্ডের হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভেগা। ক্লাব ফুটবলে তিনি ক্যালিয়ারি, টটেনহ্যাম হটস্পার, সেল্টিক ও ওয়াটফোর্ডের হয়ে খেলেছেন। ২০০৪ সালে ফুটবল ছাড়ার পর আর্থিক খাতে যুক্ত হন।
ফিফার সভাপতি নির্বাচনে ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের ভোট রয়েছে এবং নির্বাচিত হতে ১০৬ ভোট প্রয়োজন। ফলে ভেগার প্রার্থিতা শেষ পর্যন্ত নিশ্চিত হলে তাঁকে শুধু ইউরোপ নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের সদস্য ফেডারেশনের সমর্থন আদায় করতে হবে।
১৮ নভেম্বর মনোনয়ন জমার সময়সীমা পেরোনোর পর স্পষ্ট হবে ইনফান্তিনোর বিরুদ্ধে আর কারা নির্বাচনী লড়াইয়ে থাকছেন। আপাতত ভেগাই তাঁর প্রথম প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী।