বিশ্বের শীর্ষস্থানীয় পোর্ট অপারেটর ও লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বন্দর ব্যবস্থার আধুনিকায়ন এবং রেলভিত্তিক লজিস্টিকস অবকাঠামো গড়ে তোলার বিষয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি দেশের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।
বাংলাদেশের প্রধান অর্থনৈতিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমানের লজিস্টিকস হাব গড়ে তোলার ক্ষেত্রে বহুজাতিক বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির সমন্বয় এখন সময়ের দাবি। নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্পাদিত চুক্তির বাস্তবায়ন এতে গতির সঞ্চার করবে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সাথে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তিটি আঞ্চলিক বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
গ্লোবাল পোর্ট পোর্টফোলিও ও অটোমেশনে সুপরিচিত ডিপি ওয়ার্ল্ডের অন্তর্ভুক্তি টার্মিনালটির জাহাজ খালাসের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।
আন্তর্জাতিক মানের টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত হওয়ায় দেশের আমদানি-রপ্তানি খরচ হ্রাস পাবে এবং তৈরি পোশাকসহ প্রধান প্রধান অবকাঠামোগত পণ্যের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে।
বৈঠকে কেবল বন্দর পরিচালনাই নয়; বরং দেশের সার্বিক অবকাঠামোকে টেকসই রূপ দেওয়ার জন্য নতুন বিনিয়োগ ক্ষেত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলে পণ্য পরিবহনে সড়কের ওপর চাপ কমাতে এবং দ্রুততম সময়ে সরবরাহ চেইন সচল রাখতে রেলনির্ভর কনটেইনার ডিপো স্থাপন অত্যন্ত কৌশলগত পদক্ষেপ।
বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ডের ফ্রি ট্রেড জোন গড়ে তোলার আগ্রহ প্রত্যক্ষ বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে এবং রপ্তানিমুখী শিল্পের বৈচিত্র্যায়ন ঘটাবে।
ব্লু ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করতে হলে এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে নিজেদের সুসংহত করতে হলে বিশ্বমানের অবকাঠামো গঠনের বিকল্প নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডিপি ওয়ার্ল্ডের এই কৌশলগত অংশীদারত্ব যথাযথ ও স্বচ্ছভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সামুদ্রিক ও লজিস্টিকস হাবে পরিণত হবে।
লেখক: রোটারিয়ান এম. নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।