নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও প্রজন্মান্তরে হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ‘কমিউনিটি-বেইজড সেফগার্ডিং স্ট্র্যাটেজিস ফর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব।
সেমিনারে বক্তারা বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, তাদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জরুরি। অনুষ্ঠানে দেশের আটটি প্রশাসনিক বিভাগের আটটি জনগোষ্ঠীভিত্তিক ঐতিহ্য উৎসবের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি হাজং ও মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য।
সেমিনারে দেশি-বিদেশি গবেষক, সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।