শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোলাবারুদ কারখানা পরিদর্শন করেছেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন বহুগুণ বাড়ানো এবং প্রযুক্তি আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনি নতুন গোলাবারুদ কারখানা নির্মাণেরও আদেশ দিয়েছেন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।
শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ গোলাবারুদ কারখানা পরিদর্শন করেন কিম। পরিদর্শনকালে তিনি জানান, রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনীর সক্ষমতা অটুট রাখতে উৎপাদনের গতি বাড়ানো অপরিহার্য। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদনের খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে পিয়ংইয়ংয়ের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নতুন এই কারখানাগুলো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে উত্তর কোরিয়া নজিরবিহীনভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করার পাশাপাশি রাশিয়ার কাছে অস্ত্র রপ্তানির সম্ভাবনা মাথায় রেখেই এসব প্রস্তুতি নিচ্ছেন কিম। এছাড়া গতকাল তিনি একটি পারমাণবিক সাবমেরিন কারখানাও পরিদর্শন করেছেন, যেখানে তিনি পানির তলদেশে ব্যবহারযোগ্য নতুন ‘গোপন অস্ত্র’ তৈরির ওপর জোর দেন।