সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ পাওয়ার পর ইসি এই সিদ্ধান্ত গ্রহণ করে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনে নির্বাচন স্থগিত থাকবে।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর ইসি পাবনার এই দুটি আসনে সীমানা পুনর্বহাল করে যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ তার ওপর স্থগিতাদেশ দেয়। সেই প্রেক্ষিতেই আজ কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বন্ধ রাখার ঘোষণা দিল। এদিকে, আজ শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করার শেষ দিন। সকাল থেকেই নির্বাচন কমিশনে প্রার্থীরা তাদের আবেদনের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরছেন।