হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরের দিকে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়, যখন বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।
তীব্র শীতের কারণে উত্তরবঙ্গের এই জনপদে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট, ফলে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পাথর শ্রমিক, চা শ্রমিক ও দিনমজুররা। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসজুড়ে এমন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।