জাতীয়

প্রতিষ্ঠার ৪৮ বছরে বিএনপি: সরকার পরিচালনার পাশাপাশি সংগঠন সচল রাখাই বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতা মন্ত্রিসভায় রয়েছেন, কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের বড় অংশ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফলে সরকার পরিচালনার ব্যস্ততার প্রভাব পড়ছে দলীয় কর্মকাণ্ডেও।

এমন বাস্তবতায় আজ ১ সেপ্টেম্বর দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে বিএনপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দলীয় সংগঠনকে কতটা সক্রিয়, গতিশীল ও জনসম্পৃক্ত রাখা সম্ভব হচ্ছে।

ক্ষমতার বাইরে থাকা দীর্ঘ সময়ে আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতাই ছিল বিএনপির রাজনীতির প্রধান ভিত্তি। কিন্তু সরকার গঠনের পর সেই চিত্রে পরিবর্তন এসেছে। দলীয় সূত্রগুলো বলছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম আগের তুলনায় কিছুটা শ্লথ হয়েছে। দিবসভিত্তিক কর্মসূচির বাইরে বড় রাজনৈতিক কার্যক্রমও তুলনামূলক কম দেখা যাচ্ছে।

দলের নেতারা মনে করছেন, সরকার পরিচালনা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারলে দীর্ঘমেয়াদে দলীয় কাঠামো দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে।

ক্ষমতায় ফেরার পর বিএনপির মাঠপর্যায়ের রাজনীতির চরিত্রও পরিবর্তিত হয়েছে। দীর্ঘদিন মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের মধ্যে থাকা নেতা-কর্মীদের অনেকেই এখন দলীয় পদ, সরকারি দায়িত্ব কিংবা স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় সক্রিয় হয়ে উঠেছেন।

জেলা ও উপজেলা পর্যায়ে সংসদ সদস্য ও মন্ত্রীদের ঘিরে নতুন রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতারা ঢাকায় এসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং নিজেদের প্রভাব ও অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, বঞ্চনা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বও নতুন করে সামনে আসছে।

দলের অভ্যন্তরে অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় সক্রিয় না থাকা কিছু ব্যক্তি এখন দল ও প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে। এসব বিষয়ে সম্প্রতি দলের সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সতর্কবার্তা দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

দলের নেতাদের মতে, এসব প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে একদিকে তৃণমূলের নিবেদিত কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হতে পারে দল ও সরকারের ভাবমূর্তি।

ক্ষমতার প্রথম ছয় মাসেই জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সরকারকে চাপে ফেলেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এসব ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারকে সমালোচনার মুখে ফেলছে।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, এসব সংকটের বড় অংশই আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে এবং সরকার তা মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহাসচিবের পদ শূন্য হলে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, কেন্দ্র থেকে জেলা-উপজেলা পর্যন্ত মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, নিষ্ক্রিয় নেতাদের পরিবর্তে সক্রিয় নেতৃত্বকে সামনে আনা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিএনপির সাংগঠনিক সক্ষমতার প্রথম বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন পেতে নেতাদের মধ্যে আগ্রহ বাড়ছে।

একই পদে একাধিক নেতার আগ্রহ এবং স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ প্রতিযোগিতা দলটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী মনোনয়ন ও সমর্থন বণ্টনে ভারসাম্য বজায় রাখতে না পারলে দলীয় বিভাজন বাড়ার আশঙ্কা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ মনে করেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় ফিরেছে। তবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দলটির দায়িত্বও বহুগুণ বেড়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, প্রশাসনিক অদক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। সরকার যেসব সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেগুলোর বাস্তবতা জনগণের সামনে তুলে ধরতে পারলে জনসমর্থন ধরে রাখা সহজ হবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ঘোষণা দেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন ও প্রতিকূলতা অতিক্রম করে দলটি আজ ৪৮ বছরে পদার্পণ করেছে।

ক্ষমতায় থেকে এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকার পরিচালনা ও সংগঠনকে সমানভাবে শক্তিশালী রাখার সক্ষমতার ওপরই নির্ভর করবে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক সাফল্য ও জনসমর্থনের ধারাবাহিকতা।

 

Related News

আজ যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নতুন একান্ত সচিব (PS) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের সাবেক যুগ্ম সচিব মো. আবু আউয়াল।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন বইয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি।

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে: এমপি রাহাদ

বাগেরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা সভায় এমপি শেখ মনজুরুল হক রাহাদ। জলবায়ু সংকট, বিশুদ্ধ পানি ও বেড়িবাঁধ নির্মাণে তাগিদ।

দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

বাগেরহাটের দশানী-গিলাতলা সড়কের স্থগিত থাকা সংস্কার কাজের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬: লালমনিরহাটে বর্ণাঢ্য উদ্বোধনী ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা

লালমনিরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ৩ জন সফল মৎস্যচাষিকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ পুরস্কার প্রদান।

Search