নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে পৌঁছান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁরা সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হওয়ার পর সমাধি প্রাঙ্গণে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা জিয়া উদ্যান এলাকায় জড়ো হন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভা, দোয়া মাহফিল, সামাজিক কার্যক্রম এবং সাংগঠনিক কর্মসূচি পালিত হচ্ছে।
দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিএনপির আদর্শ, ইতিহাস ও রাজনৈতিক সংগ্রামের বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুর পর দলের নেতৃত্ব গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
পরবর্তীতে বিএনপির নেতৃত্বে আসেন তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। একই সঙ্গে দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে ক্ষমতায় থেকে এটিই বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, যা দলটির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।