নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ৩ শিক্ষক আটক
নড়াইলে শিক্ষকের মারধরে মাদ্রাসাছাত্র সৈয়দ সুলায়মান ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম: সীমান্ত সুরক্ষায় আভিযানিক সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) নতুন একটি ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই বিওপিটি উদ্বোধন করেন। ফটিকছড়িতে উদ্বোধনী কার্যক্রম শেষে তিনি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন ও বিওপিও পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, ফেনী নদীর অববাহিকা এবং পার্বত্য ভূপ্রকৃতির কারণে রহমতপুর সীমান্ত এলাকা ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় বিজিবির স্থায়ী উপস্থিতি ও নজরদারি বাড়ানোর ফলে সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত হবে। নতুন এই বিওপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফেনী নদীপথ ও দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি, চোরাচালানের সম্ভাব্য রুট নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্রসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার ও রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, খাগড়াছড়ির রামগড়ের ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন রামগড়, চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি ও মীরসরাই উপজেলার সীমান্তে ইতিপূর্বে ১২টি বিওপি ক্যাম্প ছিল। বুধবার চালু হওয়া রহমতপুর ক্যাম্পটি এই ব্যাটালিয়নের ১৩তম বিওপি। এর আগে গত বছরের ৫ অক্টোবর মীরসরাইয়ের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ছোট ফরিংগা বিওপি ক্যাম্প চালু করা হয়েছিল।
রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ি সীমান্তের পানুয়া ও কয়লামুখ বিওপির মধ্যবর্তী সাত কিলোমিটার সীমান্ত এলাকা পাহাড় ও বনভূমি বেষ্টিত হওয়ায় এতদিন সেখানে আভিযানিক তৎপরতা চালানো বেশ কষ্টসাধ্য ছিল। রহমতপুর বিওপি ক্যাম্প স্থাপনের ফলে বিশাল এই সীমান্ত এলাকা এখন পুরোপুরি সুরক্ষিত হলো এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাসহ বিজিবির কার্যক্রম অনেক গতিশীল হবে।
ফটিকছড়িতে নতুন বিওপি উদ্বোধনের পর বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) পরিদর্শন করেন। এছাড়া ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে চট্টগ্রাম বিজিবি রিজিয়নের আওতাধীন সকল সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপির দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করে অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
দুর্গম পার্বত্য অঞ্চলের প্রতিকূল পরিবেশ ও সীমাবদ্ধতার মধ্যেও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা রক্ষায় জওয়ানরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন। তিনি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ সার মজুদ ও পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।
দিনব্যাপী এই সফরের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক পরবর্তীতে মাটিরাঙ্গার জামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধীনস্থ বগাপাড়া বিওপি এবং রাঙ্গামাটি সেক্টরের রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে সামগ্রিক সীমান্ত পরিস্থিতির খোঁজখবর নেন।