আন্তর্জাতিক: ইতালীয় প্রজাতন্ত্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের প্রধান হিসেবে এক নতুন ও ঐতিহাসিক রেকর্ড গড়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার দেশ ইতালিতে রাজনৈতিক স্থিতিশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই ডানপন্থি নেত্রী।
ইতালীয় বার্তা সংস্থা আনসা এবং আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত ২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর থেকে টানা ১ হাজার ৪১৩ দিন পদে বহাল থেকে মেলোনি এই মাইলফলক স্পর্শ করেন। এর মাধ্যমে তিনি দেশটির রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা সিলভিও বার্লুসকোনির দ্বিতীয় সরকারের ১ হাজার ৪১২ দিনের স্থায়িত্বের রেকর্ড পেছনে ফেলেলেন। বার্লুসকোনির ওই সরকার ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
ইতালীয় দৈনিক ‘ইল সোলে ২৪ ওর’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই অনন্য সাফল্য উদযাপনের জন্য দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বারিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। তবে এই আনন্দ আয়োজনের পাশাপাশি যেকোনো ধরনের সম্ভাব্য প্রতিবাদ কিংবা রাজনৈতিক বিক্ষোভের আশঙ্কায় পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই বিশেষ মাইলফলক উদ্যাপন করতে মেলোনির দল ‘ব্রাদার্স অব ইতালি’ গত চার বছরের শাসনকালের নানা সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওর মূল স্লোগান বা বার্তা নির্ধারণ করা হয়েছে—‘সবচেয়ে স্থিতিশীল সরকার, সবচেয়ে শক্তিশালী ইতালি’।
নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আবেগঘন বার্তায় জর্জিয়া মেলোনি লিখেছেন, ‘আমি গভীর কৃতজ্ঞতা ও প্রবল দায়িত্ববোধের সঙ্গে এই অর্জনকে স্বাগত জানাই। কারণ রাজনৈতিক স্থায়িত্ব কেবল প্রদর্শনের কোনো রেকর্ড নয়, এটি একটি জাতির দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষার মূল শর্ত।’
বিশ্লেষকদের মতে, সাধারণত স্বল্পস্থায়ী সরকার ও রাজনৈতিক জোটবদলের জন্য পরিচিত ইতালির রাজনীতিতে জর্জিয়া মেলোনির এই দীর্ঘস্থায়ী অবস্থান তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।