ঢাকা: চিঠি বা ছোট প্যাকেট পাঠানোর দিন পেরিয়ে এখন ডাকযোগে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের যুগোপযোগী ‘স্পিড পোস্ট’ সেবার মাধ্যমে গত দুই মাসেই দেশজুড়ে প্রায় ৪০০ টন বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয়েছে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে—প্রথম কেজিতে মাত্র ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজিতে ৫ টাকা মাশুলে এই সেবা পরিচালিত হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশের আইনে অবৈধ নয় এমন যেকোনো পণ্যই এখন ডাকের মাধ্যমে পাঠানো সম্ভব। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কিছু মোটরসাইকেলও ডাকযোগে সফলভাবে পাঠানো হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রিজ, আলমারি, ওয়ারড্রব, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, বাইসাইকেল, কীটনাশক স্প্রে মেশিন এবং শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্র। এমনকি রান্নাঘরের দা-বঁটি, হাঁড়ি-পাতিল, প্রেসার কুকার ও ইন্ডাকশন চুলার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও এখন স্পিড পোস্টে পাঠানো যাচ্ছে।
তবে নিরাপত্তার কথা বিবেচনা করে বিস্ফোরক, দাহ্য পদার্থ, ক্ষতিকর রাসায়নিক, মাদকদ্রব্য, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং ভরা বা খালি গ্যাস সিলিন্ডারের মতো কিছু ঝুঁকিপূর্ণ দ্রব্য এই সেবার বাইরে রাখা হয়েছে।
গ্রাহকবান্ধব করতে এই সেবায় যুক্ত করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর, যার মাধ্যমে আগেই খরচ জেনে নেওয়া যায়। বর্তমানে ঢাকার জিপিও ছাড়াও গুলশান, বনানী, মিরপুর ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ সাব-পোস্ট অফিস থেকে সরাসরি পণ্য পাঠানো যাচ্ছে।
ডাক বিভাগের কার্যপ্রণালী অনুযায়ী—
জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা,
এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা, এবং
প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে পণ্য বিলির জন্য প্রস্তুত রাখতে হবে।
মহাপরিচালক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের সফল ব্যবস্থাপনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে ডাক বিভাগের প্রতি আস্থা বহুগুণ বেড়ে গেছে। ক্ষুদ্র উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটররা এই সেবা থেকে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বাসা বদলের পুরো আসবাবপত্র ডাকযোগে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার মতো আধুনিক ‘বাসাবদল সেবা’ চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়া লজিস্টিকস সক্ষমতা বাড়াতে গ্রিন এনার্জির আওতায় ইতিমধ্যে ৫০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাইক সংগ্রহ করা হয়েছে।
লাভের চেয়ে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ও আস্থাকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে চালু হওয়া স্পিড পোস্ট সেবা আজ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলেছে।