রাজশাহী: আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাজশাহীর বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ।
রোববার (৪ অক্টোবর) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের সুবিধার্থে সোমবার দুই ধাপে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে:
সকাল ৭:০০টা থেকে সকাল ১০:৩০টা পর্যন্ত নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্দিপুর এলাকায় ৩ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না।
সকাল ১০:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত একই বিভাগের ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম পাশ, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্দিপুর, রাজপাড়া থানা ও প্রেস ক্লাবের গলি এলাকায় আরও ৩ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।