রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি বিশাল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে ছাত্রদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য তিনটি—মোট ছয়টি নতুন হল নির্মাণ করা হবে। এছাড়া একটি হল পুনঃনির্মাণ করা হবে।
গত সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাবটি অনুমোদন পায়। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রস্তাবিত এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসন নিশ্চিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করা হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।
বাস্তবায়ন মেয়াদ: চূড়ান্ত অনুমোদনসহ সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্পটি ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মেয়াদে বাস্তবায়িত হবে।
যা থাকছে ডিপিপি-তে
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই ডিপিপি-তে আবাসন ও গবেষণার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের প্রস্তাব করা হয়েছে:
- আবাসন: ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ।
- পুনঃনির্মাণ: শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণ করা হবে।
- অন্যান্য অবকাঠামো: চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ।
- গবেষণা ও সুবিধা: ইনোভেশন হাব নির্মাণ, এবং ক্যাম্পাসের অভ্যন্তরীন সড়ক নির্মাণ ও সংস্কার।