ক্রীড়া ডেস্ক : রেলিগেশনের আতঙ্কে থাকা ব্রাজিলের ক্লাব সান্তোস শেষ মুহূর্তের নাটকীয় গোলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা পালমেইরাসকে ১-০ গোলে পরাজিত করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে এই জয়ে অবনমন আপাতত এড়াল নেইমার জুনিয়রের দল।
নেইমার পুরো ম্যাচ খেললেও গোল পাননি। ম্যাচের নিয়ন্ত্রণ সান্তোসের হাতে থাকলেও ফিনিশিংয়ের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে রবিনিয়ো জুনিয়রের পাসে বেঞ্জামিন রোলহেইজার নিচু শটে ম্যাচজয়ী গোলটি নিশ্চিত করেন।
এই জয়ে ৩৩ ম্যাচ শেষে সান্তোসের পয়েন্ট ৩৬, যা তাদের ১৬তম স্থানে রেখেছে। ১৭তম স্থানে থাকা ভিটোরিয়ার পয়েন্ট ৩৫ হওয়ায় এই জয়টি সান্তোসের জন্য ছিল অত্যন্ত জরুরি।