ক্রীড়া প্রতিবেদক : জামাল ভূঁইয়ার পর এবার নারী ফুটবল দলেও প্রবাসী ছোঁয়া লাগতে যাচ্ছে। জাতীয় নারী ফুটবল দলের ট্রায়ালে অংশ নিতে সুইডেন থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। ২০ বছর বয়সী এই ফুটবলার মাঝমাঠ ও উইং—উভয় পজিশনেই খেলতে অভ্যস্ত।
নিজ উদ্যোগে ও স্ব-খরচে বাংলাদেশে আসা আনিকার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নেই, কারণ তাঁর বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১০ দিনের জাতীয় ক্যাম্পেই মূলত কোচ পিটার বাটলারের অধীনে পরীক্ষা দিতে হবে তাঁকে। সেখানে কোচের মন জয় করতে পারলে প্রথমবারের মতো কোনো প্রবাসী খেলোয়াড়কে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবল দলে। বর্তমানে এই ক্যাম্পকে ঘিরেই নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনিকা।