বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-হংকং ম্যাচ, সেমিফাইনালে পাকিস্তান
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। উচ্চতর আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
ক্রীড়া: প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। দলের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে রাতারাতি আলোচনায় চলে আসেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তবে মাঠের সাফল্যের সঙ্গে পাওয়া তারকাখ্যাতি তাঁর ব্যক্তিগত জীবনে নিয়ে এসেছে নতুন বিড়ম্বনা।
বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসে খেলতেন ভোজিনহা। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে তাঁর সাতটি সেভের পর বদলে যায় পরিস্থিতি। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৫৬ হাজার থেকে বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যায়।
হঠাৎ পাওয়া জনপ্রিয়তার প্রভাব নিয়ে দ্য অবজার্ভারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন ভোজিনহা। তাঁর ভাষায়, তারকা হওয়ার পর ব্যক্তিগত পরিসর অনেকটাই হারিয়ে ফেলেছেন তিনি।
ভোজিনহা বলেন, ‘আমি আমার শান্তি ও স্থিরতা হারিয়ে ফেলেছি। আমার আর কোনো ব্যক্তিগত পরিসর নেই, কিংবা আগের চেয়ে অনেক কম।’
তিনি জানান, এখন বাইরে বের হলে রেস্তোরাঁয় কিংবা অন্য কোথাও মানুষ ছবি তুলতে ও অটোগ্রাফ নিতে এগিয়ে আসে। অনেকে আবার তাঁর ভিডিও ধারণ করেন। এ পরিবর্তনটিকেই জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখছেন তিনি।
স্পেনের বিপক্ষে ম্যাচের পর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বেড়ে যাওয়ার বিষয়টি প্রথমে বুঝতেই পারেননি ভোজিনহা।
তিনি জানান, দলের ক্যাটারিং স্টাফের একজন তাঁকে এসে বলেন, তাঁর বিপুলসংখ্যক অনুসারী হয়েছে। প্রথমে বিষয়টিকে মজা মনে করেছিলেন তিনি। পরে মিক্সড জোনে সাক্ষাৎকার দেওয়ার সময় এক সাংবাদিক নিজের ফোনে তাঁকে অনুসারীর সংখ্যা দেখান। তখনই বিষয়টির ব্যাপ্তি বুঝতে পারেন ভোজিনহা।
হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তার চাপ সামলাতে পরে নিজের ইনস্টাগ্রাম নোটিফিকেশন বন্ধ করে দেন তিনি। ফুটবলে মনোযোগ ধরে রাখাই ছিল তাঁর মূল উদ্দেশ্য।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের কাছ থেকেও প্রস্তাব পেতে শুরু করেন ভোজিনহা। তবে সব ধরনের বাণিজ্যিক প্রচারণায় যুক্ত হতে আগ্রহী নন তিনি।
ভোজিনহা জানান, বিশ্বকাপ চলাকালে তিনি ইউএফএল মোবাইলের প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন। ভবিষ্যতে আরও প্রস্তাব এলেও তামাক, অ্যালকোহল কিংবা বেটিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চান না তিনি।
তারকাখ্যাতির ঝলকানি যেমন তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে, তেমনি ব্যক্তিগত জীবনের স্বস্তি ও গোপনীয়তার জায়গাতেও বড় পরিবর্তন এনেছে—ভোজিনহার সাম্প্রতিক অভিজ্ঞতায় তারই প্রতিফলন দেখা যাচ্ছে।