ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা আলাদা বরাদ্দ
৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই খাতে ২০০ কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রীড়া সংবাদ।
খেলাধুলা: দলীয় বিশৃঙ্খলা, আর্থিক ক্ষতিপূরণ নিয়ে জটিলতা এবং মারাত্মক ফ্লাইট সংকটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের মূল জাতীয় দলকে মাঠে নামাতে পারেনি বুরকিনা ফাসো। চরম নাটকীয়তার মুখে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-২৩ দলের তরুণ ফুটবলারদের নিয়ে গড়া এক জরুরি দল নিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয় দলটি। দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষে ম্যাচের মাত্র পাঁচ ঘণ্টা আগে বুয়েনস আইরেসে পৌঁছে মাঠে নামতে বাধ্য হওয়া দলটি শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার বিপক্ষে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিকে কেন্দ্র করে শুরু থেকেই চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মরক্কো থেকে নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়া এবং সংশ্লিষ্ট জটিলতার কারণে বুরকিনা ফাসোর মূল জাতীয় দলের ফুটবলাররা ম্যাচটিতে খেলতে অস্বীকৃতি জানান। এমন পরিস্থিতিতে নির্ধারিত সূচি রক্ষা করতে বাধ্য হয়ে অনূর্ধ্ব-২৩ দলের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে একটি জরুরি স্কোয়াড গঠন করেন প্রধান কোচ আমির আবদু।
কোনো ধরনের ট্যাকটিক্যাল প্রস্তুতি বা অনুশীলনের সুযোগ ছাড়াই ম্যাচের মাত্র পাঁচ ঘণ্টা আগে বুয়েনস আইরেসের মাটিতে পা রাখে এই তরুণ দলটি। বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, অনূর্ধ্ব-২৩ দলের তরুণেরা বিশ্বসেরা খেলোয়াড়দের বিপক্ষে এই ম্যাচটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের একটি দারুণ সুযোগ হিসেবে গ্রহণ করেছিল।
ভ্রমণের চরম ক্লান্তি ও অভিজ্ঞতার ঘাটতির মাশুল গুনতে হয় মাঠে। আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের সামনে দাঁড়াতে না পেরে একে একে সাতটি গোল হজম করতে হয় জোড়াতালি দিয়ে গড়া এই দলকে। ম্যাচ শেষে কোনো সংবাদ সম্মেলন না করেই দ্রুত স্টেডিয়াম ত্যাগ করে বিশ্রামের উদ্দেশ্যে রওনা হন বুরকিনা ফাসোর ফুটবলাররা।
এদিকে চরম প্রতিকূলতা ও বিপদের মুখেও শেষ মুহূর্তে ম্যাচটি খেলতে আসার জন্য বুরকিনা ফাসোর দলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, “বুরকিনা ফাসো থেকে যারা কষ্ট করে এসেছে, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তাদের মূল খেলোয়াড়দের কী সমস্যা হয়েছিল, তার বিস্তারিত আমি জানি না। তবে যারা এখানে এসে খেলেছে, তাদের এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। তারা ফুটবলকে সম্মান দেখিয়েছে। আমরাও তাদের এই লড়াকু মনোভাবকে সম্মান জানিয়ে পূর্ণ পেশাদারত্ব ও গাম্ভীর্যের সঙ্গে ম্যাচটি খেলেছি।”