গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির (১৯৬ নম্বর ভবন) শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডের আনুষ্ঠানিক নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল করা। পাশাপাশি সভায় তৈরি পোশাক খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জীবনযাত্রার ব্যয় ও বাস্তবতার নিরিখে নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।