আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, গোল-অ্যাসিস্টে রাঙালেন বিদায়
বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিনোদন: আবারও পর্দায় ফিরছে রজনীকান্তের জনপ্রিয় চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এবার আসছে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘জেলার ২’। পরিচালক নেলসন দিলীপকুমারের এই সিনেমা ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
তবে মুক্তির আগে সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, বর্তমানে ‘জেলার ২’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট বা ১৬৫ মিনিট। অথচ শুরুতে সিনেমাটির দৈর্ঘ্য ছিল প্রায় ৪ ঘণ্টা ২৫ মিনিট বা ২৬৫ মিনিট। অর্থাৎ সম্পাদনার মাধ্যমে ১০০ মিনিটেরও বেশি দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সিঙ্গাপুরভিত্তিক মুভিজ সিঙ্গাপুরের একটি প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ‘জেলার ২’-এর প্রাথমিক সংস্করণ ছিল ২৬৫ মিনিটের। পরবর্তী সময়ে সিনেমাটির মূল গল্পের গতিপথ ঠিক রাখতে এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে বড় ধরনের সম্পাদনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সিনেমার চূড়ান্ত দৈর্ঘ্য ১৬৫ মিনিট হওয়ায় দর্শকদের সামনে নির্মাতাদের পরিকল্পিত সংক্ষিপ্ত সংস্করণই আসছে।
‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত কারারক্ষী মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে আবারও দেখা যাবে রজনীকান্তকে। আগের সিনেমার ঘটনাপ্রবাহের পর অতীতের সহিংস জীবন থেকে দূরে থেকে শান্তিতে থাকার চেষ্টা করছিলেন তিনি।
কিন্তু একটি শক্তিশালী ও বিপজ্জনক সাম্রাজ্য তার পরিবার এবং উত্তরাধিকারের জন্য হুমকি হয়ে উঠলে পরিস্থিতি বদলে যায়। বাধ্য হয়ে পুরোনো জীবনে ফিরে আসেন ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান। এরপরই শুরু হয় নতুন সংঘাত।
‘জেলার’-এর বেশ কয়েকজন অভিনয়শিল্পী সিক্যুয়েলেও ফিরছেন। রজনীকান্তের সঙ্গে রয়েছেন রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও মির্না।
এবার নতুন চরিত্রে যুক্ত হয়েছেন এস জে সূর্য, সুরজ, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী। ফলে আগের কিস্তির জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি নতুন তারকাদের উপস্থিতি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
এ ছাড়া মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও হৃতিক রোশনকে সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তাঁদের উপস্থিতি ও চরিত্রের বিস্তারিত এখনো নির্মাতাদের পক্ষ থেকে পুরোপুরি নিশ্চিত করা হয়নি।
‘জেলার’-এর বক্স অফিস সাফল্যের পর থেকেই এর দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। এবার সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সেই অপেক্ষারও অবসান হতে যাচ্ছে।
মুক্তির আগে সান নেক্সটে ‘জেলার ২’-এর প্রি-রিলিজ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে। এখন দর্শকদের অপেক্ষা ১৬ অক্টোবরের—যেদিন আবার বড়পর্দায় দেখা যাবে ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের নতুন অভিযান।