লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ০৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আটক এবং ভারতীয় গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে ২০ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ০৩:৪৫ ঘটিকায় বাগভান্ডার বিওপির আওতাধীন খয়রার মোড় (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় মোঃ আব্দুল গফুর মিয়া (৩৮) পিতা- মোঃ মনসুর আলী গ্রাম-রাঙ্গালীবস, পোস্ট-রায়গঞ্জ, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম’কে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ২১ পিস সহ আটক করতে সক্ষম হয়।
এছাড়াও, একই তারিখ রাত ০৮:৫০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন পশ্চিম বালাটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থান হতে ভারতীয় গাঁজা ১০.৫ কেজি এবং রাত ১২:৪০ ঘটিকায় কাশিপুর বিওপির আওতাধীন ধর্মপুর (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থান হতে ইয়াবা ট্যাবলেট ১১০ পিস ও ০১টি বাটন মোবাইল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭,৪৫০/- (সাতাত্তর হাজার চারশত পঞ্চাশ) টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে ভুরুঙ্গমারী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”