গ্রামীণ ব্যাংকে আগুন কেন? এই আগুন আসলে কার বিরুদ্ধে?
দেশের ১০৪টি গ্রামীণ ব্যাংক স্থাপনায় হামলা, ২৯টি শাখা বন্ধ, বোরো মৌসুমে ঋণ বিতরণে বাধা এবং গ্রামীণ অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।
আতাউর রহমান মিন্টু,বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট
এক সময় যাঁকে পাকিস্তানের চোখে ‘গাদ্দার’ বলা হতো, আজ তিনিই পাকিস্তানে রাজকীয় অতিথি।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পাকিস্তান সফরকে কেবল একটি প্রটোকল সফর বললে ভুল হবে। এটি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট।
গত ২৩ নভেম্বর রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক নিজে। বিমানবন্দর থেকেই শুরু হয় রাজকীয় আতিথেয়তা। এটাই প্রমাণ করে, দুই দেশই অতীতের গ্লানি মুছে নতুন করে হাঁটতে চায়।
এরপর ২৫ নভেম্বর ছিল সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ইসলামাবাদে প্রেসিডেন্টের সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার হাফিজুদ্দিন। একই দিন সন্ধ্যায় তাঁর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই নৈশভোজে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইতিহাসের নির্মম পরিহাস হলো, ১৯৭১ সালে যে মানুষটি নিজের জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, পাকিস্তানের দৃষ্টিতে তিনিই ছিলেন বিদ্রোহী। আর আজ ৫৫ বছর পর সেই পাকিস্তানই তাঁকে বুকে টেনে নিচ্ছে। এটাই রাজনীতির বাস্তবতা। শত্রুতা চিরস্থায়ী নয়, স্বার্থ আর আবেগের জায়গা বদলালেই ইতিহাস নতুন করে লেখা হয়।
পাকিস্তানে গিয়ে স্পিকার সাহেব দুটি অত্যন্ত সাহসী ও তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।
প্রথম বক্তব্য — বাংলাদেশের শতভাগ মানুষ পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের সমর্থক।
আক্ষরিক অর্থে শতভাগ হয়তো বিতর্ক করা যাবে, কিন্তু এই বক্তব্যের মর্মার্থ বুঝতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের মনে পাকিস্তানের প্রতি কোনো জন্মগত ঘৃণা নেই। আমাদের ধর্ম এক, সংস্কৃতির মিল আছে, খাবার-পোশাক-ক্রিকেট-গান নিয়ে আবেগ এক। দীর্ঘদিন একটি মহল রাজনৈতিক স্বার্থে এই দুই জাতির মধ্যে দেয়াল তুলে রেখেছিল। স্পিকার সাহেব সেই দেয়ালে প্রথম আঘাতটা করলেন।
দ্বিতীয় বক্তব্য — ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সাহায্য করতে আসেনি, এসেছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য।
এই সত্য উচ্চারণ করতে বাংলাদেশে অনেক দিন সাহস লেগেছে। কারণ স্বাধীনতার পর থেকে আমাদের একটি প্রজন্মকে শেখানো হয়েছে, ভারত না থাকলে আমরা স্বাধীন হতাম না। অথচ সত্য হলো, বাংলাদেশের স্বাধীনতা এসেছে ৩০ লাখ শহীদের রক্তে, লাখো মা-বোনের ত্যাগে, মুক্তিযোদ্ধাদের বীরত্বে। ভারত তার নিজের ভূ-রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ করেছিল। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দক্ষিণ এশিয়ায় একক আধিপত্য কায়েম করাই ছিল দিল্লির মূল লক্ষ্য। স্পিকার সাহেবের এই বক্তব্য তাই শুধু পাকিস্তানে দাঁড়িয়ে বলা একটি কথা নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার পুনরুদ্ধার।
এখন বড় প্রশ্ন হলো — এই উষ্ণতাকে আমরা কীভাবে ধরে রাখবো? এই রাজকীয় আতিথেয়তাকে কীভাবে স্থায়ী বন্ধুত্বে রূপ দেবো?
এর জন্য পাঁচটি কাজ এখনই করা দরকার।
এক. ইতিহাসকে জাদুঘরে রাখা, ভবিষ্যৎকে সামনে আনা: ১৯৭১ নিয়ে গবেষণা, বিতর্ক চলবে। কিন্তু ১৯৭১ দিয়ে ২০২৬ সালের বাণিজ্য, ভিসা, নিরাপত্তা আটকে রাখা যাবে না। জার্মানি-ফ্রান্স যদি দুই বিশ্বযুদ্ধের পর ইউরোপের নেতৃত্ব দিতে পারে, তবে বাংলাদেশ-পাকিস্তান কেন পারবে না?
দুই. জনগণ থেকে জনগণে যোগাযোগ: সবচেয়ে বড় কূটনীতি হলো মানুষের কূটনীতি। ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। ছাত্র বিনিময়, সাংবাদিক বিনিময়, সাংস্কৃতিক দল, ক্রিকেট সিরিজ চালু করতে হবে। পাকিস্তানি তরুণরা ঢাকায় আসুক, বাংলাদেশি তরুণরা লাহোরে যাক। দেখুক, আমরা একে অপরের শত্রু নই।
তিন. অর্থনৈতিক অংশীদারিত্ব: বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটপণ্য, সিরামিক আর পাকিস্তানের টেক্সটাইল, কৃষি প্রযুক্তি, ক্রীড়া সামগ্রী, সার্জিক্যাল পণ্য — দুই দেশের বাণিজ্যের বিপুল সম্ভাবনা আছে। একটি দেশের উপর একচেটিয়া নির্ভরতা কোনো দেশের জন্যই নিরাপদ নয়। পাকিস্তান হতে পারে বাংলাদেশের কৌশলগত বিকল্প বাজার। সরাসরি ফ্লাইট, ব্যাংকিং চ্যানেল চালু হলে বাণিজ্য কয়েকগুণ বাড়বে।
চার. নিরাপত্তা ও সার্বভৌমত্বে পারস্পরিক সম্মান:দক্ষিণ এশিয়ায় কোনো বড় দেশের দাদাগিরি যাতে ছোট দেশগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি না হয়, সে বিষয়ে ঢাকা-ইসলামাবাদের মধ্যে বোঝাপড়া দরকার। এটি কারো বিরুদ্ধে জোট নয়, এটি নিজেদের স্বাধীনতা রক্ষার বোঝাপড়া।
পাঁচ. মুসলিম বিশ্বে যৌথ কণ্ঠ:ফিলিস্তিন, কাশ্মীর, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তান যদি একসুরে কথা বলে, তবে ওআইসিসহ আন্তর্জাতিক মঞ্চে সেই কণ্ঠ অনেক বেশি জোরালো হবে।
সবশেষে একটা কথা মনে রাখতে হবে। পাকিস্তান স্পিকার সাহেবকে সম্মান দিয়েছে, কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন প্রবীণ রাজনীতিক। এই সম্মান আসলে বাংলাদেশকেই দেওয়া হয়েছে।
এখন দায়িত্ব আমাদের। এই সম্মানের জবাব দিতে হবে সম্মান দিয়ে। ঢাকায় পাকিস্তানি অতিথি এলে তাঁদেরও একই আন্তরিকতায় বরণ করতে হবে। মিডিয়ায় বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে হবে। নতুন প্রজন্মকে শেখাতে হবে — বন্ধুত্ব মানেই আত্মসমর্পণ নয়, বন্ধুত্ব মানেই মর্যাদা নিয়ে পাশাপাশি হাঁটা।
স্পিকার হাফিজুদ্দিন সাহেবের এই সফর প্রমাণ করলো, পুরোনো শত্রুতার রাজনীতি দিয়ে আর চলবে না। নতুন বাংলাদেশ চায় নতুন বন্ধুত্ব, নতুন সমীকরণ, নতুন দিগন্ত।
লাহোরের লাল গালিচা থেকে শুরু হওয়া এই যাত্রা যেন ঢাকায় এসে শেষ না হয়। এটাই হোক বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন ইতিহাসের প্রথম পাতা।লেখক: লাহোরে লাল গালিচা: হাফিজের সফরেই বদলে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ সমীকরণ
লেখক: আতাউর রহমান মিন্টু, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট – প্রকাশক ও সম্পাদক, দৈনিক শব্দমিছিল,ঢাকা।