ক্রীড়া : আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদার দলবদল সংক্রান্ত বকেয়া অর্থ পরিশোধ না করায় ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোকে নিষিদ্ধ করেছে ফিফা। শাস্তিস্বরূপ আগামী টানা তিনটি দলবদলের মৌসুমে কোনো নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না ক্লাবটি। এমএলএসের ক্লাব আটলান্টা ইউনাইটেডের পাওনা ২ কোটি ১০ লাখ ডলার সময়মতো পরিশোধ না করায় বুধবার ফিফা এই সিদ্ধান্ত জানায়।
বোতাফোগোর মালিক জন টেক্সটর বর্তমানে তাঁর মালিকানাধীন বিভিন্ন ক্লাব নিয়ে আইনি ও আর্থিক জটিলতায় রয়েছেন। যদিও বোতাফোগো কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারির দলবদল শুরুর আগেই তারা আটলান্টা ইউনাইটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবে। যদি তারা দ্রুত পাওনা পরিশোধ করে, তবে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।