খেলাধুলা: ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। ঘরোয়া ক্রিকেটের শেষ ১০ ম্যাচে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে চারটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সেরা ফর্মের কথা জানান দিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। সাম্প্রতিক এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে আবারও পাকিস্তানের জাতীয় দলের সাদা বলের স্কোয়াডে ফেরার দৌড়ে শক্তভাবে এগিয়ে রেখেছে।
বর্তমানে খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ান খেলছেন ৩৬ বছর বয়সি ফখর। সেখানে নিজের শেষ ম্যাচে দুই ইনিংসে ১২৮ ও ৭৭ রানের চমৎকার দুটি ইনিংস খেলে নিজের দুরন্ত ফর্ম ধরে রেখেছেন তিনি।
ফখরের এই চমৎকার ছন্দের শুরু মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ দিক থেকে। লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের শেষ চার ম্যাচে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরিসহ ৮৪, ১০৩, ৬১ ও অপরাজিত ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর গত আগস্টে পাকিস্তান গ্রিনসের হয়ে জাতীয় চ্যাম্পিয়ন্স কাপে তিন ম্যাচে দুটি সেঞ্চুরিসহ মোট ২৬৯ রান করে টুর্নামেন্টের সিরিজসেরা হওয়ার গৌরব অর্জন করেন। লাল বলের ক্রিকেটেও প্রেসিডেন্টস ট্রফির উদ্বোধনী ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২০৫ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি ফখর জামানকে। ওই টুর্নামেন্টে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। বিশ্বকাপের পর তাঁর ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন ওঠায় বাংলাদেশ সিরিজ এবং মে-জুনে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাননি তিনি।
তবে সমস্ত চোট ও ফিটনেস শঙ্কা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। সামনেই যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে এবং পাকিস্তান দলে বর্তমানে খেলোয়াড় নির্বাচন নিয়ে কিছুটা সংকট চলছে, সেহেতু ফখরের এই অনবদ্য ফর্ম জাতীয় দলের দরজা তাঁর জন্য আবারও উন্মুক্ত করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।