লামিন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবিকে পূর্ণ সমর্থন বার্সা কোচ
তরুণ তারকা লামিন ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
খেলাধুলা: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই সমালোচনার ঝড়ে কাঁপছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির ধারাবাহিক ব্যর্থতা এবং বোর্ডের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের মাঝে পিসিবি প্রধান মহসিন নাকভিকে সরাসরি আক্রমণ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তাঁর সাফ কথা, একই সঙ্গে রাজনীতি ও ক্রিকেট বোর্ডের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে সামলানো সম্ভব নয়।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইফ বলেন, মহসিন নাকভি একাধারে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন এবং পিসিবির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। দুটি বড় দায়িত্ব একসঙ্গে পালনের ফলে ক্রিকেট প্রশাসনে প্রয়োজনীয় সময় দেওয়া তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
নিজের বক্তব্যের পক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উদাহরণ টেনে কাইফ বলেন, ‘হয় আপনি রাজনীতিবিদ, নয়তো ক্রিকেট প্রধান। ভারসাম্য তৈরি করতে হবে এবং যেকোনো একটি বিষয়েই পূর্ণ মনোযোগ দিতে হবে।’ বিশ্বের অন্যান্য পেশাদার ক্রিকেট বোর্ডের দিকে তাকালেও ক্রিকেট পরিচালনায় কতখানি সময় ও একনিষ্ঠতা প্রয়োজন, তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তান দলে প্রতিভাবান খেলোয়াড়ের কোনো ঘাটতি নেই বলেই মনে করেন ভারতের এই সাবেক ব্যাটার। তবে সঠিক ব্যবস্থাপনার অভাব এবং খেলোয়াড়দের পরিচর্যা করার মতো দক্ষ মানুষের ঘাটতিকেই দলটির মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। কাইফ বলেন, ‘খেলোয়াড়রা খারাপ নয়, পাকিস্তানে প্রচুর প্রতিভা রয়েছে। সমস্যা হলো সেই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সঠিক মানুষের।’
ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের পর সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো, দুই কোচকে অব্যাহতি দেওয়া এবং পাঁচজন আনক্যাপড খেলোয়াড়কে দলে নেওয়ার মতো পিসিবির আকস্মিক সিদ্ধান্তগুলো নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা চলছে।
তবে সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে একচুলও সরে দাঁড়াননি পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনি দাবি করেছেন, তাঁর কার্যকালে পাকিস্তান ক্রিকেটের সার্বিক উন্নতি হয়েছে। সমালোচকদের উদ্দেশে নাকভি এর আগে বলেছিলেন, তিনি কখনো সমালোচনাকে ভয় পাননি এবং দায়িত্ব নেওয়ার আগের র্যাঙ্কিংয়ের সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করার আহ্বান জানিয়েছিলেন। ফলে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পিসিবির অন্দরে প্রশাসনিক ও মাঠের লড়াইয়ের চাপ যে আরও বহুগুণ বেড়ে গেছে, তা বলাই বাহুল্য।