বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে তাকে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন এবং শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের বিরুদ্ধে এই লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন। এছাড়া গত রাত থেকেই চুয়েটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ক্ষোভ ও কর্মসূচি:
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নতুন উপাচার্য নজিরবিহীনভাবে অনলাইনে যোগদান করেছেন এবং গণমাধ্যমে দেওয়া তাঁর বক্তব্য সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এই অগ্রহণযোগ্য সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও। শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির ফলে বর্তমানে চুয়েটের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।