ক্রীড়া: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বুরকিনা ফাসো জাতীয় ফুটবল দলের। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বিমান সংক্রান্ত জটিলতা ও অভ্যন্তরীণ নানা কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তৈরি হয়েছিল ব্যাপক অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটিতে অংশ নিতে চলেছে আফ্রিকান দলটি।
আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্ব খেলতে মরক্কোয় অবস্থান করছিল বুরকিনা ফাসো দল। সেখান থেকে গত ৩০ সেপ্টেম্বর চার্টার করা বিশেষ বিমানে তাঁদের আর্জেন্টিনায় যাওয়ার কথা ছিল। কিন্তু কোনো পূর্বঘোষণা ছাড়াই চার্টার কোম্পানি ফ্লাইট বাতিল করায় বড় বিপত্তিতে পড়ে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন। মরক্কো থেকে আর্জেন্টিনার রুটে দুটি ফ্লাইটই বাতিল হয়।
এর পাশাপাশি ফরাসি সাংবাদিক রোমেইন মলিনা এক্স হ্যান্ডলে দাবি করেন, বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের আর্থিক ও অভ্যন্তরীণ কিছু বিরোধের জেরে বেশ কয়েকজন ফুটবলার সফর করতে অস্বীকৃতি জানান এবং ক্যাম্প ছেড়ে চলে যান। তবে পরবর্তীতে দুই পক্ষের সমঝোতায় সেই জটিলতা কেটে যায়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-এর তথ্য অনুযায়ী, বাণিজ্যিক বিমান বা বিকল্প ব্যবস্থায় দীর্ঘ ভ্রমণ শেষে ম্যাচ শুরুর মাত্র ৮ ঘণ্টা আগে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছানোর কথা বুরকিনা ফাসো দলের। স্থানীয় সময় শনিবার রাতে ম্যাচ শেষ হওয়ার পরপরই রোববার সকাল ৭টায় তাদের ফিরতি ফ্লাইট রয়েছে। অর্থাৎ, আক্ষরিক অর্থেই আর্জেন্টিনার মাটিতে ২৪ ঘণ্টারও কম সময় অবস্থান করে এই হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচটি খেলবে বুরকিনা ফাসো।