স্পোর্টস: আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন মহাতারকা লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তে জার্সিতে মাঠে নামবেন তিনি।
ফুটবল জাদুকরের এই বিদায়ী ম্যাচটি নিয়ে গোটা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অন্যরকম আবেগ। তবে প্রতিপক্ষ বেনিনের ফুটবলাররা এই ম্যাচটিকে কোনো কঠিন লড়াই হিসেবে না নিয়ে বরং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার ক্ষণটি উদযাপন করতে চান। বেনিনের ডিফেন্ডার মোহাম্মদ তিজানি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিদায়ী ম্যাচে মেসিকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা তাদের নেই; বরং তারা পুরো ম্যাচটি কেবল উপভোগ করতে চান।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘সিফাইভএন’-কে দেওয়া সাক্ষাৎকারে তিজানি বলেন, “আমাদের মেসিকে মার্ক করা উচিত নয়। আমরা এই ম্যাচটা উপভোগ করতে যাচ্ছি। মেসির বিপক্ষে খেলার জন্য কোনো বিশেষ পরিকল্পনা নেই। আমাদের শুধু ম্যাচটা উপভোগ করতে হবে, ব্যস।” মেসির প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “আমি তাকে এভাবেই দেখব। মেসি, আপনি ঈশ্বর। আমার কাছে তিনি বিশ্বের সেরা।”
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির এই দীর্ঘ পথচলা কখনোই সহজ ছিল না। বছরের পর বছর নানা হতাশা, চোরাবালি আর ফাইনাল হারের ব্যর্থতা পেরিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান তিনি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে নিজের শৈশবের স্বপ্ন পূরণ করেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারকে দেন পূর্ণতা। দেশের হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতার পর এবার বুয়েনস এইরেসের চিরপরিচিত আঙিনায় চিরতরে ইতি টানছেন এই জীবন্ত কিংবদন্তি।