ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন)-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতের প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
পরিসংখ্যানে মরক্কো ঢের এগিয়ে থাকলেও বর্তমান শক্তির বিচারে সেনেগাল সমানে সমান লড়াইয়ের আভাস দিচ্ছে। সেনেগাল তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে, ১৯৭৬ সালে প্রথম ও শেষবার আফকন জিতেছিল মরক্কো। দীর্ঘ অর্ধশতাব্দীর খরা কাটাতে ঘরের মাঠের দর্শকদের সমর্থনকে কাজে লাগাতে চায় আশরাফ হাকিমিরা। ৩২ বারের মুখোমুখি লড়াইয়ে মরক্কো ১৮টি এবং সেনেগাল ৬টি ম্যাচে জয় লাভ করেছে।