বিশ্ব

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক-গ্রিনল্যান্ডের সমঝোতা, বাড়বে মার্কিন সামরিক উপস্থিতি

আন্তর্জাতিক: দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর গ্রিনল্যান্ডকে ঘিরে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। নতুন এই নিরাপত্তা চুক্তির আওতায় আর্কটিক অঞ্চলের গুরুত্বপূর্ণ এই দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর পথ খুলেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন ও নির্দিষ্ট ধরনের সংবেদনশীল বিনিয়োগের সুযোগ সীমিত করার বিষয়ও এতে রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, তাঁর নির্দেশনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন, যাতে গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি অধিকার নিশ্চিত করা যায়।

ট্রাম্প আরও জানান, গ্রিনল্যান্ডে বড় আকারের মার্কিন সামরিক উপস্থিতি গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন, সেনা মোতায়েন বা নির্দিষ্ট সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না, যদি না যুক্তরাষ্ট্রের অনুমোদন থাকে।

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রায় ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটিতে প্রায় ৫৭ হাজার মানুষ বসবাস করেন। তাদের বড় অংশ ইনুইট জনগোষ্ঠীর সদস্য।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড অবশ্য এই অবস্থানের বিরোধিতা করে আসছিল। নতুন সমঝোতায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব বা মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। বরং নিরাপত্তা ও সামরিক সহযোগিতার কাঠামো জোরদার করা হয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসেনের দপ্তর জানিয়েছে, এই সমঝোতা আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এতে ডেনমার্কের সার্বভৌমত্ব ও গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত থাকবে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যঁ-ফ্রেডরিক নিলসেনও বলেছেন, চুক্তিটি গ্রিনল্যান্ডের স্বার্থ এবং আন্তর্জাতিক সহযোগিতায় এর অবস্থানকে স্বীকৃতি দেয়। তাঁর ভাষায়, সমঝোতাটি সংশ্লিষ্ট সবার জন্য লাভজনক।

চুক্তির বিস্তারিত পূর্ণাঙ্গ পাঠ শুক্রবার প্রকাশ করা হয়নি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। এরপর প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হলে এটি কার্যকর হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থাটি ১৯৫১ সালের যুক্তরাষ্ট্র-ডেনমার্ক প্রতিরক্ষা চুক্তির ওপর ভিত্তি করে মার্কিন সামরিক প্রবেশাধিকার ও উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও রয়েছে।

ট্রাম্প চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি লক্ষ্য পূরণের সঙ্গে তুলনা করেছেন। তবে সমঝোতার ফলে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত হচ্ছে না; দ্বীপটির ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অবস্থানই বহাল থাকছে।

Related News

তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রা, অংশ নিলেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানে ‘জানফাদা-ই-ইরান’ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে ৩ লাখ ১৩ হাজার মানুষ অংশ নেন।

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে মমতা

তৃণমূল কংগ্রেসের নাম ও ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইয়েমেনে তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহতের দাবি

ইয়েমেনের তাইজসহ বিভিন্ন এলাকায় হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের সূত্রে ২৪ ঘণ্টায় ৬৮ জন নিহতের দাবি করা হয়েছে।

ইরিত্রিয়ার ওপর গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইরিত্রিয়ার ক্ষমতাসীন দল, সামরিক বাহিনী, রেড সি ট্রেডিং করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

সৌদি তেল সরবরাহে ধাক্কা, অক্টোবরের বরাদ্দ বাতিল ইউরোপের রিফাইনারিগুলোতে

ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর অন্তত দুটি ইউরোপীয় রিফাইনারির অক্টোবরের অপরিশোধিত তেল সরবরাহ বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত খাদ্যাভ্যাস

ফাস্টফুড, ডায়েট কোক আর অতিরিক্ত পোড়ানো স্টেকের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল আসক্তি এবং তাঁর ব্যতিক্রমী খাদ্যাভ্যাসের গল্প।

আইএইএর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান, নিজেদের পরমাণু মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলল উত্তর কোরিয়া

আইএইএর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দ্বৈত নীতির অভিযোগ কিম ইয়ো জংয়ের।

৩০ বছরের বেশি পুরুষ সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করল পেন্টাগন

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৩০ বছর বা তার বেশি বয়সি পুরুষ সেনাসদস্যদের টেস্টোস্টেরন ঘাটতি শনাক্তে বাধ্যতামূলক স্ক্রিনিং আবার চালু করেছে পেন্টাগন।

Search