আন্তর্জাতিক: ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত ও হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান ও তুরস্ককে কড়া হুশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেন সংঘাত কিংবা সৌদি আরবের পক্ষে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপে দেশ দুটি যুক্ত হলে তাদের ‘কঠোর ও নির্মম’ জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ইরাকি টেলিভিশন অনুষ্ঠান ‘অ্যানাদার রিডিং’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও ধামার প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-বুখাইতি এই হুশিয়ারি দেন। তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তান যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তাদের ওপর কঠোর আঘাত হানা হবে। তবে তিনি এও উল্লেখ করেন যে, পাকিস্তান ও তুরস্কের সাধারণ জনগণের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, তাই এই সতর্কবার্তা মূলত দেশ দুটির সরকারের জন্য।
চলতি বছরের ৭ আগস্ট তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি তিনপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল নীতি অনুযায়ী, অংশীদার কোনো দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ বলে গণ্য করা হয়। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হুথিদের হামলার পর এই চুক্তিটি নতুন করে আলোচনায় আসে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা গুরুতর হুমকির মুখে রয়েছে এবং জোটের প্রতিশ্রুতি অনুযায়ী আঙ্কারা রিয়াদের পাশে রয়েছে। পরিস্থিতি সাপেক্ষে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কারিগরি ও সামরিক সহায়তার কথাও জানান তিনি।
অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও সামরিক বাহিনীর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষা এবং সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান যেকোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। ২০১৪ সাল থেকে চলা এই সংঘাতে সম্প্রতি লোহিত সাগর ও সৌদি স্থাপনায় হামলা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।