আন্তর্জাতিক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রওনা হওয়ার আগে তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ও অধিকার দৃঢ়ভাবে তুলে ধরা হবে।
তেহরান থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেজেশকিয়ান বলেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে ইরানের জনগণের বার্তা তুলে ধরা হবে এবং দেশের অবস্থান দৃঢ়ভাবে উপস্থাপন করা হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত তাঁর বক্তব্য অনুযায়ী, চাপ বা অন্যায় পরিস্থিতির মধ্যেও ইরান তার অবস্থান থেকে সরে যাবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই পেজেশকিয়ানের নিউইয়র্ক সফর হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়েও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিরোধ রয়েছে।
পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ বিতর্কে বুধবার (২৩ সেপ্টেম্বর) বক্তব্য দেবেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। সফরকালে তিনি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এরই মধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি সোমবার সেখানে গিয়ে ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের সমন্বয় করছেন। আরাঘচি জানিয়েছেন, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন।
পেজেশকিয়ান ও আরাঘচিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ভিসা দিয়েছে। তবে ইরানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্য, বিশেষ করে প্রেসিডেন্টের যোগাযোগ ও গণমাধ্যম দলের সদস্যদের ভিসা দেওয়া হয়নি বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।