রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এই নির্দেশ প্রদান করা হয়। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিস্তারিত তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান সময়সূচি ও পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে বিদ্যমান নানা প্রশাসনিক ও কারিগরি প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা অপসারণ করার আহ্বান জানানো হয়। একই সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা ও মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করা এবং দ্রুত কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
প্রকল্পের গতি ত্বরান্বিত করতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের একাধিক নীতি নির্ধারক ও প্রশাসনিক প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নেন এবং নিজ নিজ দপ্তরের অগ্রগতি তুলে ধরেন।