প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী দাবি করেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন এবং সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। ধৈর্যের একটা সীমা আছে উল্লেখ করে তিনি পলাতক শক্তিকে সেই সীমা অতিক্রম না করার বিষয়ে সতর্ক করেন।
আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে চলা গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়, যেখানে ছাত্র, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মত্যাগ করেন। জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আবারও আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন এবং বলেন, ‘শেখ হাসিনা তাঁর ভাগনে, ভাগনি ও মেয়ের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি নিয়েছেন। পুরো বাংলাদেশকে নিজেদের জমিদারি ও পৈতৃক সম্পত্তি মনে করে আবার সেই অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।’
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদানের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মজলুম জননেতা ভাসানীর কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাস এবং ব্রিটিশ ভারতে বিভিন্ন সম্মেলন ও আসামের প্রাদেশিক আইনসভায় দেওয়া তাঁর বক্তব্যগুলো সংকলন করে পূর্ণাঙ্গ মহাগ্রন্থ রচনা করা প্রয়োজন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন এবং কাগমারী সম্মেলন থেকে পাকিস্তানিদের বিদায় জানানোর বার্তা দিয়েছিলেন। দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি মওলানা ভাসানীর লালন করা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানী ছিলেন এশিয়ার নিপীড়িত মানুষের নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং পাকিস্তান ও বাংলাদেশে বিরোধী দলের রাজনীতির অন্যতম পথিকৃৎ।