পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে ৬১ বিজিবি।
রাজশাহী: নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ল্যাপটপ উদ্ধারে পেশাদারত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা চুরির শিকার হন ক্রিল। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের কোনো সন্ধান পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন।
এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জার্মান পর্যটক। এরপর তাঁর চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল অভিযান শুরু করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও ল্যাপটপ উদ্ধারে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন আইজিপি। এ সময় তিনি তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের স্বীকৃতি দেন।
পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন তিনি।
ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিলের কান্নার একটি ভিডিও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে ১০ অক্টোবর তাঁকে একটি ম্যাকবুক উপহার দেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ।
রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে উপহারটি তুলে দেওয়া হয়। বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ পর্যটকটি যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন মুক্তি মাহমুদ।
ল্যাপটপ ফিরে পাওয়ায় ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণের সময় তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।