বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে সরকার আরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে দেশের গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীনে হিট (HEQEP/HEAT) প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলমান। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী স্থান পাওয়ায় গর্ব প্রকাশ করে তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন। মানবসম্পদকে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি পাটের আঁশের বহুমুখী ব্যবহার ও নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি জানান, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।
সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ টেনে ড. এহছানুল হক মিলন বলেন, এবার পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ হওয়ায় ফলাফল আশানুরূপ হয়নি। উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে, যার মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী পাস করেছে এবং প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে। এসব অনিয়ম ও ত্রুটির কারণ অনুসন্ধান করা হবে এবং এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষাও শিগগিরই অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।