দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না; তাই ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সঠিকভাবে ও শক্তভাবে সমুচিত জবাব দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে।
জনসভায় বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছে এবং ২০১৪ ও ২০১৮ সালের নিশিরাতের ও আমি-ডামির নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি কিংবা উত্তরাঞ্চলে গ্যাসলাইন ও ইপিজেড স্থাপন করেনি; বরং প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিতে সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া শক্তি আবারও ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে তারা ১৪০০ মানুষ ও ৬০ জন শিশুকে হত্যা করেছে। তাই চব্বিশের মতো সব গণতান্ত্রিক শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট বার্তা দিতে হবে—‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়।’
বক্তব্যে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচির বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে এবং মহেন্দ্রনগর মডেল খালটি ভাগ করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে, যাতে তাঁরা মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। এ ছাড়া তিনি জানান, আগামী মাস থেকেই অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার ও নারী মাস শেষে আড়াই হাজার টাকা করে সরকারি সহায়তা পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, চলতি বছর দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের জন্য সরকারি সম্মানী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস প্রদান এবং আগামী এক-দুই মাসের মধ্যে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার কার্যক্রমের কথা জানান তিনি। উত্তরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নিয়ে আসার এবং কম খরচে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে আরও কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও দেন সরকারপ্রধান।
এর আগে এক দিনের সফরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে সমবেত হন এবং পথের দুই ধারে দাঁড়িয়ে ও শিশুদের বর্ণিল ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন সাধারণ মানুষ। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।