পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
জেলা প্রতিনিধি।বাগেরহাট।
ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকা থেকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলীয় নেতারা।
এ ঘটনায় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান কোনোভাবে পালিয়ে প্রাণে বেঁচেছেন। বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।
ঘটনার বিবরণে যা জানালেন প্রত্যক্ষদর্শী নেতা
শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, “একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়।”
তিনি আরও বলেন, “তারা গাড়ি ভাঙচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, মারধর করে। একপর্যায়ে মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলীয় কার্যক্রমের ছবি পায়। তখন তারা ‘বিএনপি বিএনপি’ করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুলকে ধরে নিয়ে যায়। গাড়ি ফেলে আমি ও গাড়িচালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।”
তার দাবি অনুযায়ী, ঘটনার পর বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় গাড়িটি সড়কের পাশে পাওয়া গেছে।
জেলা বিএনপির বক্তব্য
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে আমরা মনিরুল হক ফরাজির অপহরণের খবর পেয়েছি। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।”
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, “মনিরুল হক ফরাজির নিখোঁজ বা তুলে নিয়ে যাওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
সর্বশেষ অবস্থা
সন্ধ্যা পর্যন্ত মনিরুল হক ফরাজিকে উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। দলীয়ভাবে তার সন্ধানে তৎপরতা চলছে। বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।