জাতীয়

ক্যাম্পাস পেরিয়ে জাতীয় নেতৃত্বের মঞ্চে পাঁচ ছাত্র সংসদ, ‘Beyond Campus: Leading Tomorrow’-এ ইতিহাস গড়লেন জামায়াত আমীর

ছবি : নিজস্ব প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি।

বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য আগে দেখা যায়নি। এক মঞ্চে, এক টেবিলে দেশের পাঁচটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের কেন্দ্রীয় ও হল প্রতিনিধিরা। আর তাদের সামনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নির্বাচিত প্রতিনিধিরা।

আয়োজকদের ভাষায়, এটি ছিল শুধু সংবর্ধনা নয়, আগামীর বাংলাদেশ নিয়ে তরুণ নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপ। তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা জানাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

জামায়াত আমীরের বক্তব্য: জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই বাংলাদেশ এবং আজকের এই অনুষ্ঠান জুলাইয়ের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন — ছাত্র-জনতা, শ্রমিক, মেহনতি মানুষ, পেশাজীবী, শিক্ষক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও সমানতালে লড়াই করেছেন। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন এই জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। সেই শৃঙ্খল ছাত্র-জনতা ১ তারিখ থেকে ৩৬ তারিখের মধ্যে ভেঙে দিয়েছিল।

তিনি স্মরণ করিয়ে দেন, এই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের মেধার স্বীকৃতির দাবিতে। মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র কায়েমের আয়োজন করা হয়েছিল। আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে তা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে।

তরুণদের সামনে তিনটি চ্যালেঞ্জ

জামায়াত আমীর তরুণদের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ তুলে ধরেন — শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা, চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা ও নেতা হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশকে বিশ্বের কাছে অনুকরণীয় রাষ্ট্রে পরিণত করা।

১. নিরাপদ ক্যাম্পাস: তিনি বলেন, অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ছাত্র সংসদ প্রতিনিধিরা একটি অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন। তবে শুধু এই পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার চ্যালেঞ্জ নিতে হবে। ছাত্রজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

২. চাকরিজীবী নয়, নেতা হও:তরুণদের কারও অধীনে চাকরিজীবী হিসেবে না দেখে সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ — সব ক্ষেত্রেই তরুণদের উদ্যোক্তা ও নেতা হতে হবে। কেবল ঢাকায় পড়ে না থেকে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

৩. অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি: সবচেয়ে আলোচিত অংশে তিনি বলেন, “বাংলাদেশকে আর চিরদিন অনুসরণকারী জাতি হিসেবে বাঁচিয়ে রাখতে চাই না। আমরা চাই, এই জাতির মধ্যে এমন পরিবর্তন আসুক, যাতে অন্যরা বাংলাদেশকে অনুসরণ করে। এখন আমরা দেখি পশ্চিম কী করছে, উত্তর কী করছে, দক্ষিণ কী করছে কিংবা পূর্ব কী করছে। আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে অন্যরা দেখবে বাংলাদেশ কী করে। এই জায়গা তৈরি করতে তরুণদের প্রয়োজন।”

তিনি আরও বলেন, তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই অগ্রযাত্রা শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত।

সেক্রেটারি জেনারেলের বক্তব্য: সততাই আসল পরিচয়

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে ছাত্রনেতারা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার যে পরিচয় দিয়েছেন, আগামী দিনের নেতৃত্বে তাঁদেরই দেখতে চায় জামায়াতে ইসলামী।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে মেয়াদ শেষে জাতির সামনে এমন দৃষ্টান্ত তুলে ধরতে পেরেছেন — এটি বিরল ঘটনা। ছাত্রজীবনে আদর্শের যে শিক্ষা তাঁরা পেয়েছেন, কর্মজীবনে প্রবেশের পর কিংবা সমাজ ও রাজনীতিতে যুক্ত হওয়ার সময় তা যেন ভুলে না যান।

ছাত্র সংসদ নেতাদের বক্তব্য: মিলনমেলা থেকে জাতীয় অঙ্গীকার

অনুষ্ঠানের আগে ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে লিখেছিলেন, এই অনুষ্ঠান পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হবে।

তিনি বলেন, “প্রোগ্রামটি দেশের পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হবে। ছাত্র সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা যে অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জন করেছেন, তা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য তিনি আমীরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডাকসুর জিএস ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ছাত্র সংসদ প্রতিনিধিরাও ক্যাম্পাসের বাস্তব সমস্যা, শিক্ষার্থীদের প্রত্যাশা, নিরাপদ ক্যাম্পাস, আবাসন, গবেষণা ও ক্যারিয়ার নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলের বক্তব্য

অনুষ্ঠানে সবচেয়ে ঝাঁঝালো ও আলোচিত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, আমীরে জামায়াত যে আমন্ত্রণ জানিয়েছেন, আমার বিশ্বাস ছিল ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই এই কাজটা করবেন।

সাদ্দাম বলেন, “যে আন্দোলনের ফসল, যে ছাত্রদের রক্তের ফসলে তিনি ওই চেয়ারে বসেছিলেন, তার একটা মৌলিক দায়িত্ব ছিল এই ছাত্র সংসদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ গড়ার জন্য তাদের কথাগুলো শুনে বাংলাদেশ পরিচালনায় তাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তিনি মিঠা খেয়েছেন, কিন্তু তাদেরকে একবার ডেকে নিয়ে সংবর্ধনা তো দূরের কথা, তাদের ন্যূনতম কথা শোনারও প্রয়োজনীয়তা তিনি বোধ করেন নাই।”

তিনি আরও বলেন, গণভোটের কথা ড. ইউনূস বলেছিলেন। ছাত্র সংসদগুলোর পক্ষ থেকে বারবার রাজপথে দাঁড়িয়ে দ্রুত গণভোট আয়োজনের দাবি জানানো হয়েছিল। গণভোট বাস্তবায়নের পর জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকার ছাত্র সংসদগুলোর কথা শোনেনি।

সাদ্দাম বলেন, “ওই কথাগুলো না শোনার কারণে আজকে বাংলাদেশ এক অনিশ্চিত পরিণতির দিকে ধাবিত হয়েছে, এজন্য দায়ী ইন্টেরিম গভর্নমেন্ট এবং তৎকালীন সময়ে যারা সরকার পরিচালনা করেছিল।”

তিনি আক্ষেপ করে বলেন, নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ডেকে নিয়ে মতামত শোনা হয়নি। হিংসার বশবর্তী হয়ে তাদের ডাকা হয়নি। যেই কাজটা সরকারের করার কথা ছিল, সেই কাজটা করেছেন বিরোধীদলীয় নেতা।

ছাত্রশিবির সভাপতি বলেন, “ছাত্রদের রক্ত ও আন্দোলনের ফসলে দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস ছাত্র সংসদ প্রতিনিধিদের কথা শোনার প্রয়োজন বোধ করেননি এবং দেশকে গভীর সংকটে রেখে বিদায় নিয়েছেন।”

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ছাত্র সংসদগুলোর ওপর হামলার চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের ওপর অন্তত ৭ বার হামলার ঘটনা ঘটেছে।

সিবগা বলেন, “চমৎকারভাবে ছাত্র সংসদ কাজ করে গিয়েছে, কিন্তু ছাত্র সংসদের এ পথ চলা কখনোই মসৃণ ছিল না। আমরা দেখেছি আমাদের এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নানা জায়গায় নানাভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

তিনি বলেন, ছাত্র সংসদের ওপর হামলা চালিয়ে তারা ভেবেছিল আমাদের কার্যক্রমকে বন্ধ করে দিতে পারবে। কিন্তু হামলা, বাধা আর ষড়যন্ত্র দিয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের থামানো যায়নি, যাবেও না।

প্রশ্নোত্তর পর্বে হালকা মুহূর্ত, বড় বার্তা

প্রশ্নোত্তর পর্বে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে জামায়াতের ভূমিকা নিয়ে জানতে চান। একই সঙ্গে তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহারের বয়স বেশি হওয়ায় বিয়ের জন্য নিয়মিত তাগাদা দেওয়ার প্রসঙ্গটি হাস্যরস করে তুলে ধরেন।

জবাবে জামায়াত আমীর হেসে বলেন, “তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।” তিনি অধ্যাপক গোলাম আযমের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিয়েটা শুধু প্লেজারের জন্য নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্য। সময়মতো বিয়ে না করলে জাতি পিছিয়ে যায়। তিনি ছাত্রনেতাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দেন।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তারা কেবল চাকরির পেছনে ছুটুক। তিনি চান, তারা লিডার হবে, ইনোভেশন করবে, উদ্যোক্তা হবে। “আজকের বীজ আগামীকালের বৃক্ষ হবে, পরশুর ফল হবে।”

কেন ঐতিহাসিক?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন তিন কারণে ঐতিহাসিক।

প্রথমত,স্বাধীনতার পর এই প্রথম কোনো জাতীয় দলের শীর্ষ নেতা একসঙ্গে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন।

দ্বিতীয়ত,এটি ছিল দলীয় কর্মসূচি নয়, জাতীয় সংলাপের চেষ্টা। ক্যাম্পাসের প্রতিনিধিদের কথা শোনা, তাদের সম্মান জানানো এবং তাদের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে ভাবা।

তৃতীয়ত,এই মঞ্চ থেকে তরুণদের কেবল ভোটার হিসেবে নয়, আগামীর নীতিনির্ধারক হিসেবে দেখার বার্তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডা. শফিকুর রহমান। স্মারকে লেখা ছিল — “তোমাদের হাত ধরেই গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।”

শেষ কথা:ক্যাম্পাসের নেতৃত্ব যদি জাতীয় নেতৃত্বে রূপ নেয়, তাহলে এই সন্ধ্যাটা ইতিহাসে লেখা থাকবে শুধু একটি সংবর্ধনা হিসেবে নয়, একটি নতুন যাত্রার সূচনা হিসেবে।

Related News

বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধর্মমন্ত্রী কায়কোবাদের

কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা প্রতিষ্ঠার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

প্যারিসে বৈঠকে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার বাংলাদেশের

গণনৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।

সংস্কার ও বিকল্প অর্থায়নে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি: আমির খসরু

গুলশানে এক সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে এবং বিকল্প অর্থায়ন ও সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী: শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বমুক্ত রেখে দক্ষতা ও প্রযুক্তিতে জোর দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে; প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে রাখতে চেয়েছিল হাসিনা: রিজভী

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীর স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইতিহাস বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন।

গ্রামীণ ব্যাংকে আগুন কেন? এই আগুন আসলে কার বিরুদ্ধে?

দেশের ১০৪টি গ্রামীণ ব্যাংক স্থাপনায় হামলা, ২৯টি শাখা বন্ধ, বোরো মৌসুমে ঋণ বিতরণে বাধা এবং গ্রামীণ অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে খানা তথ্য সংগ্রহ শেষ করা এবং নীতিমালা ২০২৬ অনুযায়ী যাচাই ও অনুমোদনের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

Search